নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) মনোনীত প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

শুক্রবার (৩০ জানুয়ারি) গোগনগর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দিনব্যাপী পথসভা ও নির্বাচনী গণসংযোগ কর্মসূচির মাধ্যমে ভোটারদের দোরগোড়ায় পৌঁছান তিনি।
দিনভর এই কর্মসূচিতে মোহাম্মদ আলী সরাসরি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুখ-দুঃখ, সমস্যা ও দীর্ঘদিনের দাবিদাওয়া। রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসে জলাবদ্ধতা, বেকারত্ব, মাদক, সন্ত্রাস ও নাগরিক সেবা সংকটের কথা। এসব সমস্যার সমাধানে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। পথসভাগুলো ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের বিশাল মিছিল র্যালীতে যোগ দেয়। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উৎসবমুখর পরিবেশে পরিণত হয় গোগনগরের বিভিন্ন সড়ক ও অলিগলি।

এসময় মোহাম্মদ আলী বলেন,“আমি রাজনীতি করি মানুষের জন্য। মুক্তিযুদ্ধ করেছি এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য”। “ফতুল্লার মানুষ আর বঞ্চিত থাকবে না—এই প্রতিশ্রুতি নিয়েই আমি মাঠে নেমেছি।”
স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর একজন প্রার্থীকে এভাবে সরাসরি জনগণের সঙ্গে মিশে কথা বলতে দেখা যাচ্ছে। অনেকেই আশাবাদ ব্যক্ত করে বলেন, পরিবর্তনের জন্য এবার তারা যোগ্য নেতৃত্বকেই পাশে চান।
উল্লেখ্য, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জ-৪ আসনে ততই উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক মাঠ। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর গণসংযোগ কর্মসূচি।
newsbank24.net সত্যের পথে সবসময়